জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিষয়ে তৃণমূল থেকে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রত্না আহমেদ ভাস্কর্য নিয়ে সাধারণ মানুষের মাঝে সঠিক ধারণা দিতে নাটোরের গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক করছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমেও এই ইস্যুতে প্রচারণা চালাচ্ছেন।
দীর্ঘদিন ধরে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন রত্না আহমেদ। ১৯৭২ সাল থেকে রাজপথের আন্দোলন, মিছিল-সংগ্রাম থেকে শুরু করে মানুষের সেবা ও রাজনীতির মাঠে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। স্বামী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আহমেদ হোসেন চম্পার মৃত্যুর পর রাজনৈতিক জীবনে অনেক সংগ্রাম চড়াই-উতরাই পাড়ি দিয়ে নারীদের আস্থার জায়গায় নিজেকে অধিষ্ঠিত করেছেন রত্না আহমেদ।
বর্তমানে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আগে নাটোর সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
রত্না আহমেদ বলেন, ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ কুটিরশিল্প, বিভিন্ন সমিতি প্রতিষ্ঠা করেছি। বর্তমানে এম পি হয়ে করোনাকালীন সময়ে সহযোগিতা, উঠান বৈঠক, ক্রীড়াসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদানগুলো তুলে ধরছি। ভবিষ্যতেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে তিনি কাজ করতে চান বলে জানান তিনি।