চিরিরবন্দরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী ছাত্রী নোনামাটি নাফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় পাশের বাড়ির ওই ছাত্রীর প্রতিবেশি কাকা মহসীন আলী (৪৪) ওই ছাত্রীকে ডেকে দোকান থেকে গুল নিয়ে আসতে বলে। পরে কৌশলে নিজ বাড়ির ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষক মহসীন একই ইউনিয়নের দল্লা নোনামাটি গ্রামের মৃত ফরিমুল্লাহর ছেলে।

ধর্ষণের শিকার ছাত্রীকে ধর্ষক মহসীন আলী হুমকি দেয়, বাইরে কাউকে বিষয়টি জানালে মেরে ফেলবে। ধর্ষণের শিকার ছাত্রী ভয়ে কাউকে কোন কিছু না বললেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ পায়।

পরিবারের লোকজন রক্তাক্ত মুমূর্ষু  অবস্থায় তাকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার ওই ছাত্রীর যৌনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার চিরিরবন্দর থানায় মামলা দায়ের করলে ওই দিনই চিরিরবন্দর থানা-পুলিশ মহসীন আলীকে আটক করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, আমরা গতকালকে (শনিবার) বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করি। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি বলেন।