লিওঁর বিপক্ষে হারার দিন গুরুত্বর চোট পেয়ে মাঠ ছেড়েছেন পিএসজি তারকা নেইমার। নিজেদের মাঠে ১-০ ব্যবধানে এই ম্যাচ হেরে লিগ ওয়ানের শীর্ষস্থান খোয়াল দলটি।
ম্যাচ শেষে পিএসজি কোচ জানিয়েছেন, চোটের তীব্রতা বুঝতে নেইমারের পরীক্ষা করানো হবে।
পিএসজি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিওঁ।
বোর্দোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা লিল সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে উঠেছে শীর্ষে।
আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ইস্তানবুল বাসাকসেহিরকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া পিএসজির খেলায় ছিল না চেনা ধার। নেইমার-ডি মারিয়া প্রতিপক্ষ গোলরক্ষকের প্রথমার্ধে নিতে পারেননি কোনো পরীক্ষা।
লিগ ওয়ানে টানা চার ম্যাচ জেতা লিওঁ নিজেদের রক্ষণ সামলে ছিল আক্রমণে মনোযোগী। ৩৫তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়েও যায় দলটি। টোকো একাম্বির বাড়ানো বল ধরে ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে কেইলর নাভাসকে পরাস্ত করেন টিনোটেনডা।
৬৪তম মিনিটে তিনটি পরিবর্তন আনেন পিএসজি কোচ। লেয়ান্দ্রো পারেদেস, ডি মারিয়া ও ভেরাত্তিকে তুলে আন্দের এররেরা, কিলিয়ান এমবাপে ও ইদ্রিয়া গেয়িকে নামান।
শেষ দিকে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন মেন্দেস। এসময়ই নেইমার আহত হন।