ধর্ষকসহ নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ার পল্লিবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণকারী ও নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। এর আগে সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দারুলহুদা গ্রামের শাকিল খানের ছেলে মো. হৃদয় খান (২১) ও শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবু সামার মেয়ে আনজিকা ওরফে তৃষা (২০)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের এক মেয়ে (শিশু) কে ফুসলিয়ে চাকরি দেওয়ার প্রলোভনে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৃষা। এ ঘটনায় নারী ও শিশু আইনে শেরপুর থানায় মামলা করে শিশুটির বাবা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক হৃদয় ও তাকে সহায়তাকারী তৃষাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, হৃদয় শিশুটিকে ধর্ষণ করে ও তৃষা ধর্ষণের সহায়তা করে। প্রাথমিকভাবে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।