সুকণ্ঠী গায়িকা জানিতা আহমেদ ঝিলিক এখন ব্যস্ত নতুন গান রেকর্ডিং ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে। আগামীকাল বিজয় দিবসে প্রকাশ হবে তার নতুন দুটি গানের মিউজিক ভিডিও। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
বিজয় দিবসে দুই গান...
এ বছর বিজয় দিবস উপলক্ষে দুটি গান করেছি। আগামীকাল দুটি গানই ভিডিওসহ প্রকাশ হবে। একটি আমার একক দেশের গান, অন্যটি আসিফ আকবরের সঙ্গে ডুয়েট। একক গানটির নাম ‘পতাকা’। সাধারণত একটি গান হয় ৪-৫ মিনিটের, এ গানটির বিশেষত্ব হলো- দৈর্ঘ্য ৮ মিনিট। কথা শেখ নজরুল, কম্পোজিশন ফিদেল নাঈম। এইচএম ভয়েসের ব্যানারে গানটি প্রকাশ পাবে। আর ডুয়েট গানটির নাম ‘বিজয়ের গান’। জামাল হোসেনের কথায় সংগীত করেছেন কিশোর দাশ। এখনো মিউজিক ভিডিওর শ্যুটিং বাকি। আসিফ ভাইয়ের সিডিউল মিলছিল না। তাই আজ আমরা শ্যুটিং করব। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ হবে। কিন্তু বিজয় দিবসেই আসবে রঙ্গন মিউজিকের ব্যানারে।
রেকর্ডিংয়ে ব্যস্ততা...
করোনাকালে তো আমাদের আয়ের প্রধান উৎস যে কনসার্ট সেটাই বন্ধ হয়ে গেছে। কিছু নাইট ক্লাবে গাওয়ার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি যেহেতু এ ধরনের শো করি না, তাই না করে দিয়েছি। তবে এখন ব্যস্ত আছি নতুন গান রেকর্ডিং আর বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে। এরমধ্যে আমি ৫টি নতুন গান গেয়েছি বিভিন্ন লেবেলের জন্য। এরমধ্যে একটি রবিউল ইসলাম জীবনের লেখা আমার একক গান ‘নিঃশ^াস’। গায়ক অপু আমানের সুরে মিউজিক করেছে ...। এজে ক্রিয়েটিভ রেকর্ড থেকে গানটির ভিডিও প্রকাশ হবে। অন্য গানগুলোও পর পর আসবে।
ইউটিউবে নির্ভরতা...
ইউটিউবকে আমি ইতিবাচকভাবে দেখি। কারণ এখন আমাদের গান প্রকাশের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম এটি। কিন্তু ক্যারিয়ারের ১২ বছর পর ভাবতে ভালো লাগে না যে নিজে চ্যানেল খুলে তার কনটেন্ট নিজের টাকায় করি! তাই আমার ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আমি সেখানে নিজের টাকা দিয়ে কোনো গান তৈরি করে প্রকাশ করি না। এখন যে গানগুলো গাই তা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য করা। তারা আমাকে পারিশ্রমিক দিয়েই গানগুলো করান। অনেকে বলেন, গানের স্বত্ব পাওয়া যায় না বলে নিজের গান নিজের চ্যানেলে প্রকাশ করছেন। কিন্তু আমার এ বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমি গান করার সময় শিল্পীর প্রাপ্য অনুযায়ী চুক্তি করি। কেউ যদি স্বত্ব দিতে অস্বীকার করেন, তবে আমি সেই গান আমার ইউটিউব চ্যানেলে প্রকাশের অনুমতি নিয়ে গান করি। বিষয়টি আসলে শিল্পীকেই ঠিক করতে হবে কীভাবে তিনি গান করবেন!
ব্যক্তিজীবন...
বিবিএ শেষ করেছি। এমবিএ শুরুর আগেই করোনার হানা। আমার অনলাইন ক্লাস ভালো লাগে না। তাই শুরু করিনি। তবে জানুয়ারিতেও এ অবস্থা থাকলে এমবিএ শুরু করব। কারণ গান আর অন্য পেশাকে আমি সমান গুরুত্ব দিতে চাই। আর প্রেম নিয়ে আমি অকপট। প্রেম করলে সবাইকে জানিয়ে দিতাম, ফেইসবুকে সুন্দর সুন্দর ছবি পোস্ট করতাম। কিন্তু বাস্তবতা হলো আমি সিঙ্গেল। আমিও চাই আমার কেউ সঙ্গী হোক। কিন্তু আমি মানুষের সঙ্গে কম মিশি বলেই হয়তো প্রেম হয় না। এখন আব্বু আম্মু যাকে পছন্দ করবেন তাকেই জীবনসঙ্গী করব। যদিও এখন বিয়ের পরিকল্পনা নেই।