এক ঝলকে

রেমোর অবস্থা অপরিবর্তনীয়

বলিউডের নামকরা কোরিওগ্রাফার রেমো ডি সুজার হার্ট অ্যাটাক হয়েছে। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কোকিলাবেন- ধীরুভাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি হার্ট অ্যাটাকের শিকার। এখনো তার শারীরিক অবস্থা অপরির্তনীয়। রেমো ডিসুজার হাসপাতালে ভর্তি ও হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কোরিওগ্রাফার আহমদ খান। এ সময়ের জনপ্রিয় কোরিওগ্রাফারদের মাঝে রেমো ডিসুজা অন্যতম। সিনেমা পরিচালক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ এর মাধ্যমে। মাইকেল জ্যাকসনের ভক্ত এই কোরিওগ্রাফার ব্যাংব্যাং-সহ বিভিন্ন হিট গানের নাচ পরিচালনা করেছেন।

শেষ রক্ষা হলো না ‘টেনেট’র

গত ৪ ডিসেম্বর ভারতে মুক্তি  পেয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টেনেট’। প্রথম সপ্তাহে মাত্র ৭ কোটি রুপি আয় করেছে ছবিটি। আগস্টে ইংল্যান্ডে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিকে দর্শকের ভিড় থাকলেও এক সপ্তাহ পরেই ভিড় কমে যায়। এরপর আমেরিকা, অস্ট্রেলিয়া, চীনে মুক্তি দিয়েও সাফল্য মেলেনি। প্রযোজকরা ভারতের দর্শকদের নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ভারতের দর্শকদেরও হলে টানতে পারছে না ‘টেনেট।’ নোলানের ছবি নির্দিষ্ট দর্শকের জন্য, এমনটাই মনে করা হয়। করোনাভাইরাসের কারণে অনেকেই হলে গিয়ে সিনেমা দেখাটাকে নিরাপদ মনে করছেন না, এটাও একটি কারণ হতে পারে দর্শক কম হওয়ার। প্রযোজকরা এখন দ্বিতীয় সপ্তাহের আয়ের আশায় আছেন। ‘টেনেট’ অ্যাকশন-থ্রিলার এবং স্পাই-ফাই চলচ্চিত্র। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। তার সহযোগী চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া।

প্রভাসের নায়িকা দিশা

ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিনেমার পরিচালক প্রশান্ত নীল ‘সালার’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তেলেগু সুপারস্টার প্রভাস। তবে প্রভাসের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার মনে হচ্ছে নায়িকা খুঁজে পেয়েছেন নির্মাতারা। ফিল্মিবিট ডটকমের প্রতিবেদন, এ সিনেমায় প্রভাসের বিপরীতে দিশা পাটানিকে দেখা যাবে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগেও তেলেগু সিনেমা লোফারে দেখা গেছে দিশাকে। এমনকি প্রভাসের ‘সাহো’ সিনেমায় দিশা পাটানিকেই প্রথম অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় সিডিউল জটিলতায় না করে দিয়েছিলেন দিশা। সম্প্রতি পরিচালক প্রশান্ত নীল টুইটারে অডিশনের আহ্বান জানিয়েছেন।

২০২২ সালের বড়দিনে ‘সালার’ সিনেমা মুক্তি পেতে পারে। পরিচালক প্রশান্ত নীল সম্প্রতি তার ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ইয়াশ, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন ও শ্রীনিধি শেঠি। ‘সালার’ প্রযোজনা করছে হোমবেল ফিল্মস। এ সিনেমার কাস্ট ও ক্রু সম্পর্কে বিস্তারিত জানাননি নির্মাতারা। ভারতীয় পত্রপত্রিকার গুঞ্জন, কাল্পনিক ড্রামাভিত্তিক ‘সালার’ সিনেমার গল্পে দেখা যাবে মাফিয়াদের সঙ্গে মানুষের অধিকার নিয়ে লড়ছেন প্রভাস। সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায়।