বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিক সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যের সামনে এ সমাবেশ হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কুষ্টিয়া শাখার উদ্যোগে এ সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা, ডিবিসি নিউজের চেয়ারম্যান সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের কেন্দ্রীয় মহাসচিব শাবান মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউল রহমান আতা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শাহেদসহ অন্যান্য নেতারা।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে পুরো দেশের ওপর ও সংবিধানের ওপর হামলা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে মৌলবাদী, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।’