বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’ অনুযায়ী শ্যাম সুন্দরকে বিটিআরসির কমিশনার করার পর চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন। শ্যাম সুন্দর সিকদারকে সিনিয়র সচিবের পদমর্যাদা এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে।
শ্যাম সুন্দর সিকদার ১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান তিনি। বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা জহুরুল হকের মেয়াদ শেষ হয় ৪ ডিসেম্বর।