অর্থ আত্মসাৎ মামলার পর পালিয়ে যান নূরুল ইসলাম (৫২)। এর মধ্যে মামলায় আদালত তাকে দুই বছরের সাজার রায় দেন। গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবন কাটান ৩৪ বছর। কিন্তু হলো না শেষ রক্ষা; ধরা পড়লেন পুলিশের হাতে।
নূরুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে।
সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম।
এর আগে ওইদিন (সোমবার) সকাল ১০টার দিকে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা-পুলিশ।
পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ১৯৮৬ সালে নূরুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকরিকালীন ১০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে তার নামে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকে পালিয়ে ছিলেন তিনি।
এ মামলায় ১৯৯৪ সালের ২৯ সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন গাজীপুরের আদালতে। এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দীর্ঘদিন পালিয়ে থাকায় ১২০জন পুলিশ কর্মকর্তা নূরুলকে গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হন।
সর্বশেষ লোহাগড়া থানার এসআই মাহফুজের নেতৃত্বে সোমবার নূরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে নূরুল মাগুরা শহরে গ্রাহকদের মাঝে পত্রিকা বিলি করতেন।