মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৪

মোংলায় হরিণের মাংসসহ চার দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো জপতোষ মন্ডল (৩৮), টিটু ম-ল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)।

এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাদের বাড়ি মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মোটরসাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছলে তাদের আটক করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।