হাজারীবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টায় মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্দিপুর গ্রামে। তার বাবার নাম হেলাল খান। স্ত্রী মাহমুদা শীলাকে নিয়ে কামরাঙ্গীরচর বড়গ্রাম বড় মসজিদ এলাকায় থাকতেন। দর্জির কাজ করতেন তিনি।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হাসান ও তার এক বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।

হাজারীবাগ ফায়ার সার্ভিস অফিসের পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত যুবক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। হাসানের মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

নিহতের বাবা হেলাল খান জানান, দুই বছর আগে বিয়ে করেছেন হাসান। তার কোনো সন্তান নেই। তিনি আগে নিউমার্কেটে দর্জির কাজ করতেন। তবে বর্তমানে কোন এলাকায় তিনি কাজ করেন তা বলতে পারেন না।

তিনি বলেন, রাতে তার মালিকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন হাসান। পরে রাত বারোটার দিকে তার দুর্ঘটনার খবর শুনে  হাসপাতালে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।