বাইডেনকে সিনেটর ম্যাককনেলের সমর্থন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর ম্যাককনেল। ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ম্যাককনেল এ অভিনন্দন জানান বলে খবর দিয়েছে বিবিসি।

সিনেটে দেওয়া বক্তব্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ম্যাককনেল বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনে আমি একটি ভিন্ন ফলাফল আশা করেছিলাম। তবে ইলেকটোরাল কলেজ আমাদের সে কথা জানিয়ে দিয়েছে। ফলে এখন আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি।’ বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান ম্যাককনেল, ‘প্রত্যেক আমেরিকান গর্ববোধ করতে পারেন যে, আমাদের দেশে এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।’

অভিনন্দন জানানোর পর ম্যাককনেলকে ফোন করে ধন্যবাদ জানান বাইডেন। এ সময় দুজন শিগগিরই মিলিত হওয়ার আশা ব্যক্ত করেন।

গত সোমবার সাংবিধানিক রীতি অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজে সবাই বসে ভোট দেন। এতে বাইডেন পান ৩০৬ এবং ট্রাম্প পান ২৩২ ভোট। এর মধ্যদিয়ে হোয়াইট হাউজে ওঠা বাইডেনের জন্য নিশ্চিত হয়। আগামী ২০ জানুয়ারি পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।