যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মাধ্যমে তেহরানের বাংলাদেশ দূতাবাস মহান বিজয় দিবস পালন করেছে।
বুধবার সকালে রাষ্ট্রদূত এএফএম গাউসুল আযম সরকারের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিবসটির অনুষ্ঠানমালা শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দুপুরে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জাতির পিতা ও তার পরিবারের সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ইরানে প্রথমবারের মতো একটি জাতীয় দৈনিক পত্রিকা ইরান ডেইলিতে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রকাশিত হয়।
রাষ্ট্রদূত এএফএম গাউসুল আযম সরকারের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক আহমদ সাদেগি, ফার্সি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর প্রকাশক মো. সাদেগ সামি, সিনিয়র সাংবাদিক মো. এজাজ হোসেন, রেডিও তেহরান বাংলা সার্ভিসের সাংবাদিক সোহেল আহমদ, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. সবুর হোসেনসহ তেহরান, শিরাজ, ইস্পাহান ও কোমে অধ্যয়নরত ছাত্ররা আলোচনায় অংশগ্রহণ করেন।
বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতার ইতিহাস ও জাতির পিতার অবদান ও স্বপ্নের ওপর আলোকপাত করেন। এছাড়া সৈয়দ মুসা রেজা স্বরচিত ছড়া এবং আবৃত্তিকার নাসির মাহমুদ কবিতা পাঠ করেন।