হ্রদ, পাহাড় আর ঝরনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গামাটিতে বিজয় দিবসের ছুটিতে ভিড় করেছেন পর্যটকরা। চলতি বছর করোনার কারণে রাঙ্গামাটিতে পর্যটকের দেখা তেমন একটা পাওয়া না গেলেও বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ভিড়ে সরগরম হয়ে উঠেছে এই শহরটি।
ডিসি বাংলো পার্ক, শহীদ মিনার এলাকা, সুবলং ঝরনা, রাজ বনবিহার, বালুখালি ফার্মসহ রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলো পর্যটকের সমাগমে মুখর হয়ে উঠেছে। বিজয় দিবসের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক আসায় হোটেল-মোটেলগুলো খালি নেই।
ঢাকা থেকে বেড়াতে আসা করিম উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছি রাঙ্গামাটিতে বেড়াতে আসব। বিজয় দিবসের ছুটি পেয়ে চলে এলাম পরিবার নিয়ে।
খুব ভালো লাগছে প্রকৃতির সৌন্দর্য দেখতে।’ হোটেল হিল পার্কের ব্যবস্থাপক স্বপন শীল বলেন, করোনার পর অল্প কিছু পর্যটকের দেখা পাওয়া গেলেও বিজয় দিবসের ছুটিতে হোটেলের সব রুম ভাড়া হয়ে গেছে।