বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই শুরু হয়ে গেছে। ১৯৪৭-৪৮ সাল থেকে চলে আসা এই দ্বৈরথ বর্তমান নাম পেয়েছিল ১৯৯৬-৯৭ মৌসুমে। সেবার মাত্র এক টেস্টের সিরিজ হয় ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে ৫০ টেস্টের ৮টিতে জিতেছিল ভারত, অস্ট্রেলিয়া ২৪টিতে। ১৭টি টেস্ট ড্র ও একটি হয় টাই। দুই দেশের দুই কিংবদন্তি বোর্ডার-গাভাস্কারের নামে সিরিজের নামকরণের পর দুই দল ৪৮ টেস্ট লড়েছে। এই সময়ে ২০ জয় ভারতের, ১৮ জয় অস্ট্রেলিয়ার। ড্র ১০টি। মোট ১৪টি বোর্ডার-গাভাস্কার সিরিজ হয়েছে। ভারতের সাফল্য বেশি, তারা জিতেছে ৮টি আর অস্ট্রেলিয়া জিতেছে ৫টি। ১টি সিরিজ ড্র হয়। দুই সেরা টেস্ট খেলুড়ে দেশের সর্বশেষ দুই লড়াইয়ে ভারতের জয়জয়কার। এবার সেই ধারাবাহিকতা থামিয়ে অস্ট্রেলিয়া ট্রফি পুনরুদ্ধার করবে না ভারত টানা তিন সিরিজ জিতবে সেটাই দেখার।
নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার না থাকায় সমস্যাটার শুরু। তার ওপেনিং পার্টনার জো বার্নসও ফর্মে নেই। সেদিক থেকে দুই ওপেনার নেই অজিদের। উইল পুকোভস্কিকে তারা ভেবেছিল ওয়ার্নারের বদলে এক নম্বর ওপেনার হিসেবে। কিন্তু কনকাশনে পড়ায় এই ব্যাটসম্যানকেও হারাতে হয়েছে। তাই নতুন করে ভাবতে হয় কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। ডেকে আনেন মার্কাস হ্যারিসকে। কথা উঠেছিল মার্নাস লাবুশেনের ওপেন করার।
এদিকে কোমরে চোট পাওয়া স্টিভেন স্মিথ এখন অনেকটাই সুস্থ। গতকাল তিনি টানা এক ঘণ্টা নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। সম্ভবত আজ খেলবেন। দলে একটি অভিষেক হতে পারে বলেও ইঙ্গিত দিলেন ল্যাঙ্গার। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন কনকাশন প্রটোকল পার হলে অবশ্যই প্রথম টেস্ট খেলবেন, ‘গ্রিন প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিল। কিন্তু সে যদি কনকাশন প্রটোকল উতরে যায় অবশ্যই সে অ্যাডিলেডে অভিষেক করছে।’
অস্ট্রেলিয়ার চিন্তা শুধু ব্যাটিং অর্ডারের একটি পজিশন নিয়ে। কিন্তু ভারতের চিন্তা পুরো সিরিজ জুড়েই থাকবে। কারণ অ্যাডিলেডে প্রথম টেস্টের পরই অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে হারাচ্ছে ভারত। অতিথিদের আরেকটি চিন্তার কারণে দিবারাত্রির টেস্ট। এই প্রথম শক্তিশালী কোনো দলের বিপক্ষে গোলাপি বলে খেলছেন কোহলিরা। ভারতের সহঅধিনায়ক অজিঙ্কা রাহানের কাছে এটা বিশাল চ্যালেঞ্জ, ‘বল দিনে একরকম আচরণ করে রাতে ভিন্ন। আমরা এই প্রথম অ্যাডিলেডে গোলাপি বলে খেলছি। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ হবে। সূর্য অস্ত যাওয়ার সময় (টোয়াইলাইট) ৪০-৫০ মিনিট আমাদের খুব ফোকাস থাকতে হবে। মনোযোগ হারালেই আমরা পিছিয়ে যাব। সিডনিতে আমাদের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচটা ভালো কেটেছে। আশা করি মূল ম্যাচেও ভালো করব আমরা।’ গতকালই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করে ভারত। টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলবেন ঋদ্ধিমান সাহা। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী শ। এ ছাড়া জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামির সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলবেন উমেশ যাদব। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন।