বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে: কাদের

বিএনপি আন্দোলন ও নির্বাচনে বার বার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এখন ক্ষমতায় যেতে অসাংবিধানিক পথ খুঁজছে। দেশে তারা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আবার আগুন সন্ত্রাসের পথে হাঁটতে শুরু করেছে।

তিনি বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নীরবতাকে আমাদের ধৈর্য ধারণকে দুর্বলতা ভাববেন না। জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সাংবিধানিক পথ নেই।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে তারা দেশ-বিদেশে বসে কল্পিত কাহিনি প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা রাষ্ট্রের ইমেজ নষ্ট করছে। তারা এ দেশের স্বাধীনতা এখনো মনেপ্রাণে মেনে নিতে পারেনি বলেই এ বিজয়ের মাসেও অপপ্রচার এবং ষড়যন্ত্রে মেতেছে।

তিনি বলেন, ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে। বিএনপি এ সকল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ‘এ সকল অপতৎপরতার বিরুদ্ধে’ সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সন্ত্রাস ষড়যন্ত্রের পথে না হেঁটে জনমানুষের কাছে যান। সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে দুর্বল করবেন না। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেয়া বন্ধ করুন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই মুক্তিযুদ্ধের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।