কত গোল করেছেন মেসি-রোনালদো এটাই ভক্তদের মাথায় থাকে। মিস করেছেন কয়টা তার হিসাব কে রাখেন। তবে সম্প্রতি মেসির ফিল্ড গোলের চেয়ে পেনাল্টি থেকে গোল বেশি পাওয়ায় এই পরিসংখ্যানটি উঠে এসেছে আলোচনায়। সঙ্গে সঙ্গে এসেছে পেনাল্টি মিস করার বিষয়টিও। বুধবার আতালান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সিআর সেভেনের এটি ২৬তম পেনাল্টি মিস। মেসিও তার ক্যারিয়ারে পেনাল্টি মিস করেছেন ২৬টি।
২০২০ শুরুর আগে রোনালদোর চেয়ে পেনাল্টি মিসে বেশ এগিয়ে ছিলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টি-ব্যর্থতার পরিসংখ্যান ২০২০ সালের শুরুতেও ২৬ ছিল। অন্যদিকে এই সময়ে তিনটি পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোনালদো। চলতি বছরের কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে পেনাল্টি মিস করেন তিনি। এরপর গত ২৬ জুলাই সিরি আ’তে সাম্পদোরিয়ার বিপক্ষে মিসের পর পরশু আতালান্তার বিপক্ষে এই মিস। জুভেন্তাসে যোগ দেওয়ার পর পেনাল্টি থেকে ১৭টি গোলও পেয়েছেন রোনালদো।
অন্যদিকে মেসি সর্বশেষ পেনাল্টি মিস করেছেন ২০১৯ সালের ১৫ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর আর্জেন্টিনা ও বার্সার হয়ে ১০টি পেনাল্টি নিয়ে ১০টিতেই গোল পেয়েছেন। চলতি লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ বাছাইপর্ব মিলিয়ে মেসি পেনাল্টি থেকে গোল পেয়েছেন ৬টি। এ মৌসুমে রোনালদোর পেনাল্টি গোলও ৬টি।
পেনাল্টি থেকে মোট গোলের হিসাবে অবশ্য মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৩৩টি গোল ৩৫ বছর বয়সী রোনালদোর। অন্যদিকে ৩৩ বছর বয়সী মেসির পেনাল্টি গোল ৯৭টি।