অকল্যান্ডে আজ প্রথম টি-২০

পাকিস্তানের সফর শুরু হয়েছিল নেতিবাচক খবর দিয়ে। শুরুতেই অনেক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। বায়ো-বাবলের নিয়ম ভেঙেছিলেন। সেই সব নেতিবাচক খবর পেছনে ফেলে আজ অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে পাকিস্তান। দুই নিয়মিত অধিনায়কই নেই এই সিরিজে বুড়ো আঙুলের ইনজুরির কারণে খেলতে পারবেন না পাকিস্তানের বাবর আজম আর প্রথম সন্তান ভূমিষ্টের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। বাবরকে সেরে উঠতে ২-৩ সপ্তাহের বিশ্রাম নিতে হবে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা নেই। নিয়মিত অধিনায়ক না থাকায় অধিনায়কত্ব দেওয়া হয় সহ-অধিনায়ক শাদাব খান। কিন্তু তিনি আবার গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন। আজ ফিটনেস টেস্ট উতরাতে না পারলে কে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তা নিয়েও কৌতূহল রয়েছে। এদিকে উইন্ডিজের বিপক্ষে লম্বা সিরিজ খেলে পরিশ্রান্ত থাকায় আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কিউই দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে। পরের দুটি ম্যাচে তারা খেলতে পারেন। দু’দেশের মধ্যে ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত ২১ ম্যাচের ১৩টিতে জিতেছে পাকিস্তান, নিউজিল্যান্ড ৮টি। অকল্যান্ডের তিন ম্যাচের দুটিতেই জিতেছে পাকিস্তান। দু’দেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা।