ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশের মাঠে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো ওই আবাসনের বাসিন্দা সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)।
পুলিশ জানায়, সরকারি ওই আশ্রয়ণ প্রকল্পের পাশে এক ব্যক্তি জায়গা ভাড়া নিয়ে একটি প্রকল্পের জন্য মাঝখানে বিশাল গর্ত করে রেখেছে। এর পাশে খেলতে গিয়ে হাবিব ও ইব্রাহিম গর্তের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
সাভার মডেল থানার পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।