ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পর্শে মো. রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উলজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। রমজান ওই গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল রমজান। খেলার জন্য টানা বৈদ্যুতিক লাইনের তার হঠাৎ ছিঁড়ে রমজানের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে রমজানের ওপর পড়ে যায়।