অবশেষে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি আয় করা তারকার তালিকায় শীর্ষে নাম উঠে এসেছে টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও উদ্যোক্তা কাইলি জেনারের। ৬.১ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে সর্বোচ্চ উপার্জনকারী তারকার খেতাব পেয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণী। এর আগে শোনা গিয়েছিল, ফোর্বস ম্যাগাজিন নাকি কাইলিকে বিলিয়নিয়ারদের তালিকায় রাখতেই চায়নি! তাদের মনে হয়েছিল, এই তারকার উপার্জন-সংক্রান্ত তথ্যগুলো বাড়িয়ে বলা হয়েছে। ফোর্বসের এমন কাণ্ডে প্রথমে চুপ ছিলেন কাইলি। এরপর নিজের আইনজীবী দিয়ে তার যাবতীয় ট্যাক্স রিটার্নের কাগজপত্র পাঠিয়েছিলেন ম্যাগাজিনটির অফিসে। কিন্তু সেটা নিয়েও আপত্তি জানায় ফোর্বস। এরপরই ঘটনা মোড় নেয় ভিন্নদিকে। সামাজিক মাধ্যমে ম্যাগাজিনটি নিয়ে সমালোচনা করেন কাইলি। অবশেষে সবদিক খতিয়ে দেখে ম্যাগাজিনটি তাদের ভুল স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা রায় দিয়েছেন, এ বছর তার উপার্জন ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। কাইলির প্রসাধনী ব্র্যান্ডের অধিকাংশ পণ্যই বিক্রি হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাইলিরই বড় বোন বিখ্যাত হলিউড তারকা কিম কার্দাশিয়ের স্বামী কেনি ওয়েস্ট। মার্কিন এই র্যাপারের উপার্জন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর আছেন টেনিস তারকা রজার ফেডেরার (১০৬ মিলিয়ন ডলার), ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৫ মিলিয়ন ডলার) এবং লিওনেল মেসি (১০৫ মিলিয়ন ডলার)।