অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জয় পেয়েছে। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান তুলেছিল ৯ উইকেটে ১৫৩ রান। অভিষেকে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন জ্যাকব ডাফি। এই প্রথম নিউজিল্যান্ডের কোনো বোলার টি-টোয়েন্টি অভিষেকে পেলেন ৪ উইকেটের দেখা।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে ৪ উইকেট হারায় পাকিস্তান। যার তিনটি নেন অভিষিক্ত পেসার জ্যাকব ডাফি। সেখান থেকে শাদাব খান (৪২) ও ফাহিম আশরাফের (৩১) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ১৫৩ রান পুঁজি পায় পাকিস্তান। অধিনায়ক শাদাবের ৩২ বলের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। ডাফি শাদাবকেও ফেরান। ২৬ বছরের এই পেসারের ম্যাচে বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৩৩-৪। জবাবে কিউইরা প্রথম উইকেট হারায় দলীয় ৮ রানে। ৬৫ রানের মধ্যে তাদের ৩ উইকেট তুলে নিয়ে জমজমাট ম্যাচের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু ১১০ রানে ৪ আর ১২৯ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েও স্বাগতিকদের জয় রুখতে পারেনি তারা। টিম শেইফার্ট (৪৩ বলে ৫৭), গ্লেন ফিলিপস (১৮ বলে ২৩) আর মার্ক চ্যাপম্যানকে (২০ বলে ৩৪) আউট করলেও জেমি নিশাম (১৫*) আর মিচেল স্যান্টনার (১২*) সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।