মুখের মতো মুখোশ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বজুড়েই কার্যত বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। পোশাকের মতোই নিত্যপ্রয়োজনীয় হয়েছে উঠেছে মুখে ব্যবহারের এ পরিধেয়টি। সংস্কৃতিভেদে পোশাকে যেমন দেশে দেশে বৈচিত্র্য দেখা যায় তেমনি বৈচিত্র্য এসেছে মাস্কেও। ফ্যাশনের পাশাপাশি মাস্কে আভিজাত্যও ফুটিয়ে তোলার প্রয়াস দেখা গেছে অসংখ্যবার। আর মাস্ককের আড়ালে চেহারাটি যেন মানুষকে চেনা যায় তারও চেষ্টা দেখা গেছে বিভিন্ন সময়ে।

আর এ চেষ্টায় জাপান অন্য সবাইকে টপকে গেছে নিঃসন্দেহে। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে করোনার সময়ে জাপানে তৈরি হয়েছে বিশেষ ধরনের মাস্ক বা মুখোশ। এটা শুধু নাক আর মুখ নয়, পুরো মুখাবয়বই ঢাকে। তবে এর বিশেষত্ব হচ্ছে, এ মাস্ক দেখতে অবিকল মানুষের চেহারার মতো। এখনো শুধু জাপানি ব্যক্তিদের চেহারার অনুরূপ মুখোশই তৈরি করেছেন শুহেই ওকাওয়ারার নামের এক শিল্পী। তবে ব্যবসার আরও প্রসারের স্বার্থে এখন বিদেশের বিভিন্ন ব্যক্তির চেহারার মতো মুখোশ তৈরির কথাও ভাবছেন তিনি।

শুহেই ওকাওয়ারার প্রথমে নিজের চেহারার আদলে তৈরি করেন মুখোশ। থ্রিডি প্রিন্টারে তৈরি সেই মুখোশ বা মাস্ক দেখে মনে হয় যেন মুখটাই কেটে মুখোশ বানানো হয়েছে। তবে করোনাকালে তৈরি করা হলেও এই মুখোশ পরলে কিন্তু করোনার হাত থেকে বাঁচা যায় না।

এমনিতে পার্টিতে এবং মঞ্চে কাজে লাগে এমন দ্রব্য বিক্রি করেন শুহেই। মুখোশ এখন তার দোকানের নতুন আকর্ষণ। প্রতিটি মুখোশের দাম ৯৮ হাজার ইয়েন বা ৯৫০ ডলার।