পাবনার ভাঙ্গুড়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকার ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪), তাদের চাচাতো বোন সুম্মা খাতুন (৮) এবং চাচি চর ভাঙ্গুড়া গ্রামের সুলতান আলীর স্ত্রী নুপুর আক্তার (২৯)।
ভাঙ্গুড়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, চারজন অটোরিকশায় করে সুন্নতে খতনার দাওয়াতে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে ভ্যানটি আঞ্চলিক সড়কে উঠতে গেলে পাথরভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন ভাইবোন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত নুপুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার এসআই নাজমুল কাদের বলেন, দ্রুতগামী ট্রাকটির ধাক্কায় অটোটি দুমড়েমুচড়ে গেছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ ও ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের ঢাল থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকে পিষ্ট হয়ে যুবক, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চিকিৎসক ও শিক্ষক এবং খুলনার তেরখাদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে
রাজধানীর পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার : রাজধানীর শাহবাগ এলাকার হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের ঢাল থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। উদ্ধারকারী পুলিশের ধারণা, রাতের যেকোনো সময়ে কোনো যানবাহনের ধাক্কায় ওই দুই নারীর মৃত্যু হয়েছে। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এই নারী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। একই রাতে ক্যান্টনমেন্ট এলাকার জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢাল থেকে অজ্ঞাত আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢাল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এই নারী কোনো যানবাহনের চাপায় মারা গেছেন।
শাহজাদপুরে ট্রাকে পিষ্ট হয়ে ট্যাংকলরি শ্রমিক নিহত : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি কবরস্থানের পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৮) নামে এক ট্যাংকলরি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম উপজেলার আলোকদিয়ার গ্রামের আবদুল মালেকের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূর নবী জানান, সকালে ট্যাংকলরি শ্রমিক সাদ্দাম হোসেন বাঘাবাড়ি ঘাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এসে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত : ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মিলন মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিলন উত্তর পৈরতলা কাউসার মিয়ার বাড়িতে থাকতেন। তিনি সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের মৃত বুলা মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে শেরপুর মাজার গেটের সামনে চা খেতে যান মিলন মিয়া। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা খাওয়া অবস্থায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর রিকশাসহ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
হবিগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনহবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার দীপংকর পোদ্দার (২৯)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের ডা. চন্দন পোদ্দারের ছেলে। অন্যজন হলেনময়মনসিংহের গফরগাঁও উপজেলার ছিপান গ্রামের স্কুলশিক্ষক জিলহাস উদ্দিন (৫৪)। দুর্ঘটনায় হবিগঞ্জ শহরে কুরেশনগর আবাসিক এলাকার নজরুল ইসলাম (৫৯) তার স্ত্রী মমতাজ বেগম (৫৪), শহরতলীর বহুলা এলাকার স্বপন (৩০) ও গফরগাঁও উপজেলার মশাকলি গ্রামের কাওছার (১৭) আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা ও টমটম হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিকিৎসক দীপংকর ও স্কুলশিক্ষক জিলহাস নিহত হন।
খুলনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত : খুলনার তেরখাদা উপজেলার আজগড়ার গাউচবাড়ী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম আহমেদ (৩৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। সেলিম তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সকালে খুলনা শহর থেকে মোটরসাইকেলযোগে তেরখাদায় ফিরছিলেন সেলিম। আজগড়ার গাউচবাড়ী নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় সেলিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক মৃত ঘোষণা করেন।