রাজশাহী মহানগরে বাড়ছে অটোরিকশার ভাড়া

আগামী ১ জানুয়ারি থেকে রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতি।

শনিবার দুপুরে ভদ্রা এলাকায় নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১০ বছরে তিন দফায় বিদ্যুতের দাম বেড়েছে। নগরীতে একবেলা অটোরিকশা চালানোর নিয়ম করায় আরেক বেলা বসে থাকতে হয়। করোনাকালে ভাড়াও কম। ফলে অটোচালকরা মানবেতর জীবনযাপন করছেন। এজন্য নগরীর প্রতিটি রুটে আগের ভাড়ার সঙ্গে ৩ টাকা বাড়ানো হয়েছে। আর এক কিলোমিটারের মধ্যে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা।