কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে আন্তঃজেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি এ কর্মসূচির আয়েজন করে। মানববন্ধনে পাঁচটি মালিক সমিতির বাস মালিক ও শ্রমিকরা অংশ নেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষ দেশ স্বাধীন করতে যুদ্ধে অংশ নিয়েছিল। আজ যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের সৃষ্টি করছে, ধর্মের নামে আলেম-ওলামারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তাদের গ্রেপ্তার করতে হবে। বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি দেশকে অশান্ত করতে যে মৌলবাদী গোষ্ঠীটি চক্রান্ত করছে, তাদের চিহ্নিত ও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানাই।
মানববন্ধনে অন্যদের মধ্যে মহিষপুরা-পিরোজপুর বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি নকিব নজিবুল হক নজু, বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন।