জাতীয় রাজস্ব বোডের্র (এনবিআর) আয়কর নীতি বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন বলেছেন, উৎসে কর কমানোর চিন্তা চলছে। আগামী বাজেটে উৎসে কর কমানোর ঘোষণা আসতে পারে।
রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারে ইআরএফ কার্যালয়ে গতকাল শনিবার আয়করবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। ‘রিটার্ন ফরম পূরণ ও আয়কর’ শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি শারমিন রিনভি।
মো. আলমগীর হোসেন আরও বলেন, কর ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করার অংশ হিসেবে অনলাইনে কর প্রদানে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে আয়কর বিভাগ। আগামী বছর রিটার্ন দাখিলে কিছু ক্ষেত্রে অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার আলোচনা হচ্ছে। এনবিআর সদস্য আলমগীর হোসেন বলেন আয়কর আইন, রিটার্ন এবং আয়কর প্রদানের ব্যবস্থা সহজ হলে করের আওতা বাড়বে। করদাতাদের মধ্যে করভীতি কমবে। করদাতা নিজেই রিটার্ন পূরণ ও জমা দিতে পারবেন। এ জন্য এনবিআর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আগামী জুনের মধ্যে নতুন আয়কর আইনের একটি ভিত্তি দাঁড়িয়ে যাবে। আইনটি বাংলায় সহজবোধ্য করে তৈরি করা হচ্ছে। এ ছাড়া কর ফাঁকি রোধে বিআরটিএসহ একাধিক প্রতিষ্ঠানের তথ্যভা-ারের সঙ্গে আয়কর বিভাগের যোগাযোগ স্থাপনের কাজও শেষ পর্যায়ে।
কর্মশালায় বক্তারা মাঠপর্যায়ে করভীতির বিষয়টি তুলে ধরে তা নিরসনে এনবিআরকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি কর আদায়সহ পুরো ব্যবস্থাপনা আরও সহজ ও করদাতাবান্ধব করার ওপর জোর দেন। অনুষ্ঠানে গোল্ডেন বাংলাদেশ প্রকাশিত নতুন পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় আয়করের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি এম শফিকুল আলম। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।