সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুসলিমবিরোধী বিষয়বস্তু মুছে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের ৩০ জনের একটি দল। ইসলামফোবিয়াকে ‘বিপজ্জনক ও মারাত্মক’ অভিহিত করে তারা এই আহ্বান জানান।
ডেমোক্রেটিক দলের কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেলের নেতৃত্বে আইনপ্রণেতারা বলেন, ‘ফেইসবুক তাদের প্ল্যাটফর্মকে মুসলমানদের প্রতি অমানবিক ব্যবহার এবং বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যা উসকে দেওয়ার মতো ঘটনায় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।’
‘মুসলিমদের লক্ষ করে ছড়ানো ঘৃণা ও সহিংসতাকে কার্যকরভাবে রুখতে এখন পর্যন্ত ফেইসবুকের অনীহাই পরিলক্ষিত হয়েছে’ উল্লেখ করে ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গকে লেখা এক চিঠিতে তারা এ কথা বলেন।
আইনপ্রণেতারা ছয়টি মানদণ্ড চেয়েছেন, যেখানে মুসলিমবিরোধী ধর্মান্ধতার বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন, মিলিশিয়া এবং শ্বেত আধিপত্যবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং মুসলিমবিরোধী সহিংসতা, গণহত্যা এবং বন্দিদশায় ফেইসবুকের ভূমিকা নিয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।
অ্যাডভোকেসি গ্রুপ মুসলিম অ্যাডভোকেটসের পরিচালক স্কট সিম্পসন এই চিঠির জন্য আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমেরিকা ও বহির্বিশ্বের মুসলমানদের যে ক্ষতির কারণ হয়েছে তার জন্য ফেইসবুককে দায়বদ্ধ করার পক্ষে এই চিঠি ব্যাপক ভূমিকা রাখবে।