‘লাখো পাঠকের মন জয় করেছে দৈনিক দেশ রূপান্তর’

প্রতিষ্ঠার দু’বছর পেরিয়ে তৃতীয় বছরে পা রাখলো দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর।

এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের গণকেন্দ্র পাঠাগারে বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক।

পার্বতীপুরের বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের শত শত পত্রপত্রিকার মাঝে মাত্র দুই বছর বয়সের দৈনিক দেশ রূপান্তর ইতিমধ্যে লাখ পাঠকের মন জয় করে শীর্ষ তিনে জায়গা করে নেওয়ায় পত্রিকার সম্পাদক, প্রকাশক ও এতে কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে পত্রিকাটি আরও পাঠকপ্রিয় ও আরও সাফল্য লাভ করুক এ কামনা করি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, সামাজিক গণমাধ্যমের ব্যাপক প্রসারের মাঝেও নতুন দৈনিক দেশ রূপান্তরের সাফল্য ও জনপ্রিয়তা ঈর্ষণীয়। আমি এ পত্রিকার অধিকতর সাফল্য কামনা করছি।

পার্বতীপুরের বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দত্ত বলেন, অভিজ্ঞ সাংবাদিক অমিত হাবিবের নেতৃত্বে এক দল তরুণ, মেধাবী সংবাদকর্মী অক্লান্ত চেষ্টায় পেশাদার, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে নতুন এ পত্রিকাটিকে মাত্র দুই বছরে বর্তমান স্তরে উন্নীত করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি শআম হায়দার, পার্বতীপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব, পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিপেশ রায়, পত্রিকা এজেন্ট আব্দুল কাদির, সাংবাদিক এমএ জলিল সরকার, দৈনিক মানববার্তার সহ-বার্তা সম্পাদক বদরুদোজ্জা বুলু, পুস্তক ব্যবসায়ী লিয়াকত আলী ও অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মিলন পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে শেষ পর্যায়ে দৈনিক দেশ রূপান্তরের পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী আমন্ত্রিত অতিথিদের হাতে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কপি তুলে দেন।