পেলেকে ছুঁয়ে অভিনন্দনে ভিজছেন মেসি

অর্থের ঝনঝনানির মাঝে এক ক্লাবে কোনো ফুটবলারকে খুব বেশি দিন দেখা যায় না। লিওনেল মেসি ব্যতিক্রম। ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন বার্সেলোনায়। এখনো আছেন স্প্যানিশ ক্লাবটিতে। ১৬ বছরের ক্যারিয়ারে বার্সার জার্সিতে কত কীর্তি গড়েছেন মেসি, জিতেছেন কত কিছু! শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে বার্সেলোনার লা লিগার ২-২ গোল ড্র ম্যাচে নতুন একটি কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা। একটি গোল করে ছুঁয়ে ফেলেছেন ফুটবল সম্রাট পেলের একটি রেকর্ড। সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪, ১৮ বছরের ক্যারিয়ারে স্বীকৃত ম্যাচে ৬৪৩টি গোল করেছিলেন পেলে। শুধু এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের সেই রেকর্ডের সমকক্ষতা অর্জন করলেন মেসি। বার্সার হয়ে ৭৪৮ ম্যাচে এই কীর্তি গড়লেন মেসি। পেলের লেগেছিল ৭৫৭ ম্যাচ। এমন কীর্তি পেলে ও মেসি ছাড়া নেই আর কারও। মেসিকে পাশে পেয়ে তাই খুব খুশি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়েছেন ৮০ বছরের এই ব্রাজিলিয়ান।

এত দিন ধরে মেসির একই ক্লাবে খেলে যাওয়ার বিষয়টি খুব ভালো লেগেছে পেলের। অভিনন্দন জানাতে গিয়ে প্রথমে সে বিষয়টিই টেনে এনেছেন ফুটবলসম্রাট, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, ঠিকানা পরিবর্তন করাটা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। তুমি আর আমি জানি, যেটাকে ঘর মনে করি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসিকে উদ্দেশ করে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্কের ইতি গত মৌসুম শেষেই টানতে চেয়েছিলেন মেসি। নানা জটিলতায় শৈশবের ক্লাবকে আদালতে নিতে চাননি জানিয়ে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন। তবে নতুন চুক্তি না করায় বার্সার তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষেই। এরপর কি ক্লাব ছাড়বেন মেসি? গেলে কোথায় যাবেন? এসব আলোচনা চলছে ফুটবল বিশ্বে। অশীতিপর পেলে সবই জানেন এসব, এ কারণেই হয়তো আবারও একবার সবাইকে মেসির ন্যু ক্যাম্পে এতগুলো বছর কাটানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে নিজের সান্তোস-দিনের স্মৃতি হাতড়ালেন পেলে, ‘আমাদের মতো এত লম্বা সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে। লিওনেল মেসি, আমি তোমার এই দিকটির প্রশংসা করি।’

মেসির গোলটি ছিল লা লিগায় তার ৪৫০তম গোল। স্প্যানিশ লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোল মেসিরই। গোলের প্রক্ষাপটটা ছিল এমন- প্রথমে পেনাল্টি নেন মেসি, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলকিপার। পরে ডেভিড আলবার মাইনাস প্রতিপক্ষের একজনের পায়ে লেগে উঠে যায়, তাতে হেডে গোল করেন মেসি। তবে পেনাল্টি মিসে অনাকক্সিক্ষত এক রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। ক্যারিয়ারে ২৬ পেনাল্টি মিস করেছেন রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসিরটি ছিল ২৭তম পেনাল্টি মিস।

আনঅফিসিয়ালসহ ধরলে ৮০১ ম্যাচে মেসির গোল ৬৮০টি।