মৌসুম শেষেই বার্সা ছাড়বেন মেসি!

পিএসজি ও ম্যানচেস্টার সিটি একরকম নিশ্চিত লিওনেল মেসি চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়বেন। তাই সামনের গ্রীষ্মের দলবদলের জন্য কোমর বেঁধে নামছে ক্লাব দুটি। ৯০ মিনিট নামের একটি ফুটবল ম্যাগাজিন মেসিকে নিয়ে দলবদলের এই বিশেষ খবর প্রকাশ করেছে।

আর্জেন্টিনার সুপারস্টার অবশ্য গত দলবদলেই বার্সা ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। কিন্তু আইনের মারপ্যাঁচে তাকে থাকতে হয়েছে বার্সাতেই। ওই সময়ে ম্যানচেস্টার সিটি পাঁচ বছর মেয়াদি চুক্তি করতে চেয়েছিল মেসির সঙ্গে। কিন্তু মেসিকে নিতে চাইলে বার্সার ধরে দেওয়া রিলিজ ক্লজ দিতেই হতো সিটিকে। তাই আর চুক্তি এগোয়নি।

তবে সামনের দলবদলেই যে মেসি বার্সা ছাড়বেন এমন তথ্য ‘৯০ মিনিট’-কে দিয়েছে একটি সূত্র। সেই সূত্র জানায়, ‘এমন একটা বিশ্বাস গড়ে উঠেছে যে ২০২১ সালেই মেসি সামনে এগোবে। মধ্যস্থতাকারী একজনের কাছ থেকে জানা গেছে যে বার্সার সঙ্গে আর্থিক যে বাধা ছিল তা সরে যাচ্ছে। এর কারণেই ম্যানসিটি ও পিএসজি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। জানা গেছে, মেসি নিজেও জানেন সামনের বছর অন্য দলে না গেলে সে আর হয়তো খুব একটা কিছু দিতে পারবে না বার্সাকে। এদিকে মেসিকে এই মুহূর্তে পাওয়া মানে তার থেকে আরও দু-তিনটি ভালো বছর পাওয়া। ম্যানসিটি ও পিএসজি এটা জানে। মেসি নিজেও বার্সেলোনার বর্তমান অবস্থায় খুব আশাবাদী না। তাই এখনই বার্সা ছাড়ার সেরা সময় বলে মনে করেন মেসি।’