রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ এ হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক এলাকার মৃত সইবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৫০) ও মহানগরীর হড়গ্রাম নতুন পাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি (৩০)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, তিনিসহ র‌্যাব-৫ এর মেজর মোরশেদ ও মেজর আশরাফের নেতৃত্বে একটি দল গত কয়েক দিন ধরেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। রবিবার রাতে মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় কামরুল ইসলামকে ৭’শ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকাতেই ওমর শরীফ রনিকে আটক করে র‌্যাব। পরে রনিকে নিয়ে র‌্যাবের সদস্যরা হড়গ্রাম এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেখানে আলমারি থেকে ৩ কেজি ৪৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে হেরোইনসহ গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সকালে তাদের আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রনি রাজশাহী থেকে নিয়মিত ঢাকায় হেরোইনের চালান পাঠাতো।