কুমিল্লার দাউদকান্দিতে মাদক কারবারির হামলায় পুলিশের একজন এসআই সহ ৪ পুলিশ সদস্য সদস্য আহত হয়েছেন।
সোমবার উপজেলার গৌরীপুর বাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে আটক করার সময় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ হামলাকারী যুবলীগ নেতা শাহ আলমসহ দুজনকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার ও জিংলাতুলি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি দ্বীন ইসলাম ও শুক্কুর আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ বাজারের লক্ষ্মীপুর রোডে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা কৌশলে দ্বীন ইসলামসহ তারেক নামে দুজনকে মাদকসহ আটক করে। আটকের পর শাহ আলমসহ অন্যান্য মাদক কারবারি ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে আটককৃত দ্বীন ইসলাম পালিয়ে যায়। হামলায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব কুমার সাহা, নায়েক সোহেল ও কনস্টেবল রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মো. সাইফুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলাকারী জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ওই ইউনিয়নের গোপচর গ্রামের বজলু মিয়ার ছেলে। তার নামে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, আটককৃতদের সঙ্গে পাওয়া ইয়াবার গণনা এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।