মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম খান (৪১) এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনরাজপুর গ্রামের মছলু মিয়ার ছেলে মুমিন মিয়া ওরফে মনা (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়া উপজেলার মনরাজ এলাকায় কাউছার মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে কাউছার মিয়া পালিয়ে গেলেও অপর মাদক কারবারি মুমিন মিয়া ওরফে মনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস এবং পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া কালো পলিথিনের প্যাকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাত আনুমানিক পৌনে ৯টার সময় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে সদর মডেল থানাধীন শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম খানকে আটক করে তার দেহ তল্লাশি করা হয় এবং একটি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘পৃথক দুটি স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’