আরও দুই উৎসবে ‘ট্রানজিট’

এ বছরের অক্টোবরে ‘বুসান ইনটারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পর আরও দুটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে আরিক আনাম খানের শর্টফিল্ম ‘ট্রানজিট’। আগামী জানুয়ারিতে ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ফ্রান্সের স্বনামধন্য ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে। আর বাংলাদেশে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ক্লেরমন-ফেরান চলচ্চিত্র উৎসব পৃথিবীর বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আর ফিল্ম মার্কেট। বলা হয় কান চলচ্চিত্র উৎসবের পর এটিই ফ্রান্সের দ্বিতীয় মর্যাদাপূর্ণ উৎসব। এই উৎসব থেকেও অস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়। এ বছর প্রায় ৭০০০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে মাত্র ৭৮টি চলচ্চিত্রকে উৎসবের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। যেখানে স্থান করে নিয়েছে ‘ট্রানজিট’। উৎসবটির ৪২তম এই আসরে ২০২১ সালের জানুয়ারি ৩১ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখের ভেতর চলচ্চিত্রটির প্রদর্শনীর কথা রয়েছে। অন্যদিকে, প্রথম বারের মতো বাংলাদেশি দর্শকরা চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০২১-এর ১৬ থেকে ২৪ জানুয়ারির ভেতর ‘ট্রানজিট’ চলচ্চিত্রটি দেখানো হবে। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। কভিড-১৯ এর মহামারীর জন্য দুটি উৎসবই সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।