সিলেট বিভাগে আজ থেকে ৩ দিনের পরিবহন ধর্মঘট

সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে তিন দিনব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট আহ্বানকারীরা বলছেন, সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন ও পরিবহনে জড়িত লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। তাই অবিলম্বে পাথর উত্তোলনের সুযোগ দিতে হবে।

পরিবহন ধর্মঘট চলাকালে সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, লেগুনা, ট্যাঙ্কলরি, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, বিদেশযাত্রীবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও ওষুধ বহনকারী গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

ধর্মঘট সফলের আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। গতকাল সোমবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকরা সভা সমাবেশ করেছেন।

পরিবহন ধর্মঘট আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের আহ্বানে এক সভা হয়। নিজেদের দাবির ব্যাপারে পরিবহন মালিক-শ্রমিক নেতারা অনড় থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।