দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ নয়জন নিহত হয়েছেন। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুরে গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু, শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটির মালিক, মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলচাপায় এক শিশু ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
ময়মনসিংহ : গৌরীপুরে গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গত রবিবার রাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৮), দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মো. মনির (১৮) ও একই উপজেলার মিনকিকান্দা গ্রামের মুলহক আলী (৪৮)। স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দুর্গাপুর যাচ্ছিল অটোরিকশাটি। পথে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নোয়াপাড়া নামক স্থানে দ্রুতগতির একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস জানান, লাশগুলো তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর : পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বিকেলে দেওয়ানগঞ্জের দক্ষিণ চিকাজানি এলাকায় ইটবাহী ভটভটির ধাক্কায় সমিরন বেগম (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া একই দিন দুপুরে সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় গিয়াস উদ্দিন (৬৮) নামে এক অটোরিকশার যাত্রী প্রাণ হারিয়েছেন। দেওয়ানগঞ্জ থানার ওসি মহব্বত কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করিম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শরীয়তপুর : জাজিরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটির মালিক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল সোমবার দুপুরে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সোয়া ১টার দিকে হাওলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাজিরা মাঝির ঘাট থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল। পথে সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়। জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখাঁ মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে নানা-নানির সঙ্গে চৌরাস্তার ঈশাখাঁ মার্কেটে কেনাকাটা করতে আসে জান্নাতুল। একপর্যায়ে হঠাৎ করেই দৌড়ে রাস্তায় চলে যায় সে। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জান্নাতুলের মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালককে গণপিটুনি দেয় ও বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ চৌধুরী (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে আখাউড়া শহরের নারায়ণপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নারায়ণপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন আরোহী ইলিয়াছ। পরে তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর : কালকিনিতে মোটরসাইকেলচাপায় মাহিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় সংকটজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মাহিনের মৃত্যু হয়। এর আগে গত রবিবার দুপুরে উপজেলার পূর্ব ডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল মাহিন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।