নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নাইম হোসেন (২৩) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাতুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ডিবিনগর মন্ডলপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ভোর ৩টার দিকে ঢাকা থেকে নাটোরগামী মালবোঝাই ট্রাককে পেছন থেকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার নাইম হোসেন ঘটনাস্থলেই নিহত ও দুই গাড়ির চালক ও হেলপার আহত হন।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।