যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক পুরস্কার ‘লিজিয়ন অব মেরিট’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলের শেষ দিকে এসে মোদিসহ আরও কয়েকটি দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের এই পুরস্কার দিয়েছেন।
মোদির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউজে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।
টুইটারে রবার্ট ও’ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকা ট্রাম্প-মোদির নেতৃত্বে আগের থেকে অনেক কাছাকাছি এসেছে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখানো হয়েছে দুই দেশের বন্ধুত্বকে।
পৃথিবীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কৌশলগত অংশীদারত্ব বড় ভূমিকা নেবে বলে মনে করে আমেরিকা।
ব্রায়ান আরও একটি টুইট করে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও একই সম্মান দেওয়া হয়েছে। সব রাষ্ট্রদূতরাই এই পুরস্কার গ্রহণ করেছেন।
কদিন আগেও ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার নেতৃত্বে জাপান এবং ভারত এশিয়ায় আরও বড় ভূমিকা পালন করবে।