ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে আতিয়ার রহমান (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আব্দুর রহিম ও আব্দুল মজিদ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। নিহত আতিয়ার ওই গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন জানান, সকালে পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের আশাদুলের সঙ্গে আতিয়ারের বাক বিতণ্ডা হয়। এ সময় আতিয়ারকে মারপিট করা হয়। পরে গুরুতর অবস্থায় আতিয়ার রহমানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বিল্লাল হোসেন আরও জানান, আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।