রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেন গাড়িচালক

ঝালকাঠির রাজাপুরে মাহিন্দ্র ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-ভা-ারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) গাড়িচালক ও কর্মচারী মিলে আহতদের চিকিৎসা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোগীদের স্বজনরা জানান, আহতরা প্রত্যেকেই হাত-পা ভেঙে ও মাথা কেটে গুরুতর আহত হয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা থাকলেও ওই হাসপাতালের টিএইচওর গাড়িচালক সোহাগ ও পিয়ন সোহাগ মিলে আহতদের কাটাছেঁড়া জায়গায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাস্থ্য সহকারী (স্যাকমো) মানিক হালদারকে আহতদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা আরও কয়েক রোগী জানান, পিয়ন, ড্রাইভারদের দিয়েই রোগীদের কাটাছেঁড়ার সেলাই বা ব্যান্ডেজ করান স্যাকমো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, ড্রাইভার কিংবা অন্য কাউকে দিয়ে সেলাইয়ের মতো জটিল কাজটি করিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।