ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন সাইফউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে সিরিজে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশই ফেভারিট বলে মন্তব্য করেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সীমিত ওভারের ক্রিকেটে দলের নিয়মিত মুখ সাইফউদ্দিন নিজেদের এগিয়ে রাখছেন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যানের কারণে।

‘আমাদের জন্য ভালো একটা সুযোগ। কারণ গত কয়েকবার দেখায় দেশে, আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ, সব জায়গায় আমরা ওদেরকে হারিয়েছি ভালোভাবেই। যেহেতু ঘরের মাটিতে খেলা, তাই আমরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পাব।’- বলেন ২৪ বছর বয়সী সাইফউদ্দিন।

উইন্ডিজের বিপক্ষে সবশেষ ১০ দেখায় ৮টিতেই জিতেছে টাইগাররা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। একই বছর ঘরের মাঠেও ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ।

এরপর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিনবারের দেখাতেই জয় বাংলাদেশের। আর ইংল্যান্ড বিশ্বকাপে তো ক্যারিবীয়দের ৩২২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ নিজেদের করে টাইগাররা। এই বিষয়গুলোই আত্মবিশ্বাসী করছে সাইফউদ্দিনকে।

করোনার কারণে অবশ্য মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো দুটি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে।

সেই দিক সামনে এনে সাইফউদ্দিন বলছেন, ‘আমরা প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এ মাঠে খেলেছি। তাই বাড়তি সুবিধা থাকবে। তারপরও ক্রিকেট যেদিন যে ভালো খেলবে, সেদিন সে জিতবে। আমরা আশাবাদী, আমরাই ফেভারিট।’

১০ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি প্রথম ও ১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।