কুমিল্লায় সংবাদ সম্মেলন

সিটি মেয়র সাক্কুর বক্তব্যের প্রতিবাদ

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গতকাল সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মেয়র সাক্কু বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের নিয়ে মেয়র সাক্কুর বিভিন্ন উপহাসমূলক বক্তব্যের প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামউদ্দিন কায়সার। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল কাউয়ুমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি ৪২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। আমার যে ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি ছিল ৫২ মিনিটের। এটিকে এডিট করে ২ মিনিটের বক্তব্য বানিয়ে ফেইসবুকে ছাড়া হয়েছে।’