সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার। তবে তারা সবাই যে ১০ ওভারের এই টুর্নামেন্টে খেলতে পারবেন এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আবুধাবিতে ২৮ জানুয়ারি থেকে শুরু হবে টি-টেন লিগের চতুর্থ আসর। ওই সময় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টেস্ট খেলবে বাংলাদেশ। তাই দল পাওয়া ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন কি-না সেটি একটি বড় বিষয়।
টি-টেন লিগে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুক্তার আলি ও নাসির হোসেন।
এদের মধ্যে নাসির অনেক দিন জাতীয় দলের আশে পাশে নেই। মুক্তার আলি একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন সেটিও ২০১৬ সালে। বাকি চারজনই জাতীয় দলের বা আশপাশের ক্রিকেটার।
মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের জন্যও বিবেচনায় থাকতে পারেন।
তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) ক’জন পান সেটিই এখন প্রশ্ন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন এই ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে দ্রুতই।
তিনি বলেন, ‘দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইন প্রিন্সিপাল আমরা দুটি ব্যাপার অনুসরণ করি। প্রথমত, দুটির বেশি লিগে কাউকে অনুমতি না দেওয়া এবং দ্বিতীয়ত, ওই সময় জাতীয় দলের কমিটমেন্ট আছে কি-না। এই ব্যাপারগুলি এখন আমাদের ভাবতে হবে।’
‘ওই সময় আমাদের এখানে ওয়েস্ট ইন্ডিজের সফর আছে। আবার ন্যাশনাল ফোল্ডের বাইরের ক্রিকেটারও আছে টি-টেনে। আচমকা তাই আমি কিছু বলতে পারছি না বা সিদ্ধান্ত নিতে পারছি না। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আমরা দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলব।’