লক্ষ্মীপুরের রায়পুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ও দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। একইদিন বাদ আছরের নামাজের পর মৃত শিশুদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত দুই শিশু হাসাইন ও হোসাইন উপজেলার কেরোয়া ইউপির মোল্লারহাট দরগা খোলা এলাকার ইয়াকyব মৌলভি সাহেব বাড়ির প্রবাসী তৌহিদ মিয়ার ছেলে।
মৃত শিশুদের স্বজনরা জানান, দুই যমজ শিশু প্রায় নয় মাস আগে সিজারের মাধ্যমে ঢাকা মেডিকেল হাসপাতালে জন্ম নেয়। গত দুুই দিন থেকে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, দুই যমজ শিশুকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় তারা মারা গেছেন। শিশু দুটির মাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।