ফেনীতে শ্বশুরের করা যৌতুক মামলায় জামাইয়ের দুই বছরের জেল হয়েছে। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়। মামলা দায়েরের তিন মাসের মধ্যেই রায় ঘোষণা হওয়ায় নির্যাতিত গৃহবধূ স্বিস্ত প্রকাশ করছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী সৈয়দ আবুল হোসেন জানান, চলতি বছরের ২৭ এপ্রিল দাগনভূঁঞা উপজেলার উত্তর কোরবানপুর গ্রামের শাহ জালালের মেয়ে বিউটি আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লতিফপুর গ্রামের মধু মিয়ার পুত্র মো. মোজাম্মেল হোসেন মানিক। বিয়ের পর থেকে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করা হতো। ২৮ আগস্ট ৮ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূকে ঘরে আটকে রাখে স্বামী ও তার পরিবার। খবর পেয়ে বিউটির বাবা শাহজালাল মামলা করে মেয়েকে উদ্ধার করেন। পরে তিনি যৌতুক আইনে ২৭ সেপ্টেম্বর একটি মামলা করেন।
ওই মামলায় চারজনের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে স্বামী মানিকের ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও তিনি মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।
আদালতের ব্যাঞ্চ সহকারী জাকির হোসেন জানান, আসামি মানিক আপস মীমাংসার শর্তে জামিন নিয়ে পলাতক রয়েছেন।