কুসিক মেয়র সাক্কুর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সাক্কুকে নিয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র পক্ষের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে সাক্কুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক ভুইয়া স্বপন। তিনি বলেন, ‘সাক্কুকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।’ অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে প্রয়োজনে আইসিটি আইনে মামলা করার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বৃহত্তর কুমিল্লা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান, তৎকালীন সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে অনলাইন মিডিয়ায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে কুসিক মেয়র সাক্কুর বিরুদ্ধে। এ ঘটনায় তার (সাক্কুর) পদত্যাগ দাবি জানিয়ে গত বুধবার সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন গ্রুপের নিজাম উদ্দিন ও তার সমর্থকরা।