মনোনয়ন ফরম তুলতে গিয়ে কাউন্সিলর প্রার্থী নিখোঁজ

নাটোর নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম তোলার দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ নিখোঁজ হয়েছেন। আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী তিনি। বৃহস্পতিবার মনোনয়ন ফরম তোলার জন্য বাড়ি থেকে বের হয়ে হাসান আহম্মেদ নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার।

তিনি পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত নুরশেদ প্রামাণিকের ছেলে।

হাসান আহম্মেদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী সর্মিলা আক্তার সাথী বলেন, হাসান আহম্মেদ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাইনি।

বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় জিডি করেন নিখোঁজের স্ত্রী।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।