সীতাকুন্ডে একটি পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৫)। তিনি নওগাঁ জেলার রানীনগর থানার বডকুল গ্রামের ওয়াহিদ তালুকদারের পুত্র।
শুক্রবার রাত নয়টার টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাট এলাকার খাজা শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত জানান, নিহত ইব্রাহিম খাজা শিপব্রেকিং ইয়ার্ডে ফিটার ম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাত নয়টার দিকে দুর্ঘটনায় তিনি মারা যান।
সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক বলেন, ইব্রাহিম নামের ওই শ্রমিক কাজ করার সময় আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।