‘মেসির সঙ্গে সম্পর্ক এখন ভালো’

বার্সেলোনার হয়ে প্রথম ইউরোপিয়ান কাপ জয়ী ‘নায়ক’ এখন দলটির ‘কোচ’। কেমন ছিল কোচ হিসেবে ক্লাবে তার ফেরা? বার্সার এমন কঠিন সময়ে কেন তিনি কোচের দায়িত্ব নিয়ে এলেন? মেসির সঙ্গে রোনাল্ড কোম্যানের বর্তমান অবস্থা কেমন? এই মৌসুমটা তার প্রথম শিরোপা জয়ের জন্য কতটা কঠিন? এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন বার্সার ডাচ কোচ। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে সে সবের উত্তর দিয়েছেন। ‘দেশ রূপান্তর’ পাঠকদের জন্য তা সংক্ষেপে তুলে ধরা হলো

প্রশ্ন : মেসি সব সময়ই মৌসুমে সব ম্যাচ খেলেন। কিন্তু এখন তিনি ৩৩ বছরের, তাকে বিশ্রাম দিয়ে খেলানোর প্রক্রিয়াটা কেমন চলছে?

কোম্যান : থিওরি অনুযায়ী এটা সবার জন্য এক। ফিট থাকলে তবে খেলবে। কিন্তু লিও’র বয়স আগের চেয়ে বেড়েছে। তবুও সে এখন প্রতি ম্যাচে খেলতে চায়, দলকে জেতাতে চায়। প্রতিদিনই সে পরিশ্রম করছে। সে দলের সঙ্গে খুবই যুক্ত। এছাড়া আমি তার বিশ্রামের বিষয় শুধু না অন্য সব কিছু নিয়েই ওর সঙ্গে কথা বলি। কারণ সে অধিনায়ক। এটা আমাদের দলের পরিকল্পনার অংশ। আমাদের মধ্যে এখন বেশ ভালো সম্পর্ক।

প্রশ্ন : আপনি আলাদাভাবে কোনো ফুটবলারকে বাছাই করেন না। তবুও পেদ্রি এবং আনসু ফাতিকে কেমন লাগছে?

কোম্যান : তরুণদের নিয়ে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে। ওরা দুজন প্রশংসার যোগ্য। ১৭ ও ১৮ বছর বয়সে ওরা দুজনই বার্সার মতো দলে যা করে দেখাচ্ছে তা অবিশ্বাস্য। এছাড়া এটা আমারও দায়িত্ব যে ওদের মতো তরুণদের সুযোগ দিয়ে ক্লাবের ভবিষ্যতের জন্য তৈরি করা।

প্রশ্ন : খুব কঠিন সময়ে আপনাকে বার্সার দায়িত্ব নিতে হছে। কিন্তু এটা আপনার স্বপ্ন ছিল। এমন কঠিন অবস্থায় স্বপ্ন পূরণ হওয়া কতটা চ্যালেঞ্জের ছিল?

কোম্যান : এটা ঠিক, এই ক্লাব থেকে খেলোয়াড় হিসেবে ছেড়ে যাওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিল বার্সার কোচিং করানো। কিন্তু যে অবস্থায় দলকে পেয়েছি এর চেয়ে কঠিন সময় আর হতে পারে না। এছাড়া আমার শারীরিক অবস্থায় বার্সার প্রস্তাব পাওয়ার আগে ভালো ছিল না। কিন্তু আমার জন্য আরও অপেক্ষা করার সুযোগ ছিল না। এটাকে আমি সাহস বলব না, ভালোবাসা বলব। আমি বার্সাকে ভালোবাসি। এই ক্লাবটার ভালো চাই। তাই কঠিন সময়ে হাত বাড়িয়েছি।

প্রশ্ন : খেলোয়াড় হিসেবে এই ক্লাবে আপনার গৌরবের ইতিহাস আছে। অবশ্যই কোচ হিসেবেও এমন কিছু চাইবেন?

কোম্যান : অবশ্যই। বার্সার মতো ক্লাবে সবাই সবসময়ই কিছু না কিছু জিততে চায়। খেলোয়াড় হিসেবে আমি সেই অর্জন পেয়েছি। এখন অবশ্যই কোচ হিসেবেও কিছু জিততে চাই। কিন্তু সবাই দেখছে এই মৌসুমটা সবকিছু মিলিয়ে কত কঠিন। ইন্টারনেট।